এডভোকেট সাখাওয়াত হোসেন খান
নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শহরের চাষাঢ়া বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে সাখাওয়াত হোসেন খান বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছিল আমাদের মুক্তির সংগ্রাম। লাখো শহীদের আত্মত্যাগ আর অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই অর্জনকে সমুন্নত রাখতে সবাইকে দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা অত্যন্ত জরুরি। দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা প্রশাসকের সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশের কল্যাণ কামনা করেন।

