ফাইল ছবি
ঢাকা বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের দলের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, ‘আমি সংসদ সদস্য নির্বাচিত হলে ডাকাতমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত স্বপ্নের আড়াইহাজার গড়ে তুলব। সেই স্বপ্নের আড়াইহাজার গড়তে আপনাদের সবাইকে পাশে চাই।’
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে আড়াইহাজার উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম আজাদ বলেন, ‘এখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উন্নত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, আর্থ-সামাজিক ব্যবস্থাকে আরো মজবুত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান করা হবে। পাশাপাশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।’
আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মামুন মাহমুদ, বিএনপি নেতা রাকিবুল ইসলাম রাকিব, লুৎফুর রহমান আব্দু, মতিউর রহমান মতিন, ভিপি কবির হোসেন, মোহাম্মদ উল্লাহ লিটন, সালাউদ্দিন ডালিম, ছাত্রদলের নেতা মোবারক হোসেন ও রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

