ফাইল ছবি
বন্দরে ডোবা থেকে উদ্ধারকৃত অজ্ঞাত যুবকের মৃতদেহের নাম পরিচয় পাওয়া গেছে। নিহত যুবক আরমান সুদূর কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলার মধ্য কোনাগটা এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। সে পেশায় একজন দিনমজুর। খবর পেয়ে গত শুক্রবার (৬ ফেব্রুয়ারী) নিহত যুবকের বড় ভাই ফোরকান ও তার মামা মোস্তাক আহাম্মেদ বন্দর থানায় এসে মৃতদেহ সনাক্ত করে। এর আগে গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বন্দর উপজেলার ইস্ট টাউন হাউজিং এর লারিজ ফ্যাশনের পেছনে এক ডোবা থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে পুলিশ।
নিহতের বড় ভাই ক্ষুদ্র ব্যাবসায়ী ফোরকান পরিচয় নিশ্চিত করে জানান, গত তিন মাস পূর্বে আমার ছোট ভাই আরমান কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে আসে। মাঝে মধ্যে ফোনে কথা বললেও সে কোথায় থাকে বা কি কাজ করে তা গোপন রাখে । এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) শবেবরাতের দিন ছোট ভাই আরমানের সাথে ফোনে কথা বলার পর আর যোগাযোগ হয়নি।
ধামগড় ফাড়ীর উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ আলম জানান, গত বৃহস্পতিবার সকালে স্থানীয় এলাকাবাসী ধামগড় ইউনিয়নের ইস্ট টাউন হাউজিংস্থ লারিজ ফ্যাশনের পেছনে ডোবায় অজ্ঞাত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশের সাথে থাকা মোবাইল ফোনসহ পরিহিত কাপড়চোপড় জব্দ করে সুরতহাল প্রতিবেদন তৈরীর মাধ্যমে মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। পরে জব্দকরা মোবাইল ফোনের কললিস্ট,সিডিআর সংগ্রহ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিহতের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হয়।
বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান,এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে হত্যা মামলা করার প্রস্তুতি চালাচ্ছে। একই সাথে হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে।

