শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিশনন্দীতে কৃষি বিভাগের কাউকে না পেয়ে বিপাকে কৃষকেরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫২, ৭ ফেব্রুয়ারি ২০২৬

বিশনন্দীতে কৃষি বিভাগের কাউকে না পেয়ে বিপাকে কৃষকেরা

ফাইল ছবি

আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নে কৃষি বিভাগের কোনো কর্মকর্তাকেই নিয়মিত খুঁজে না পাওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রয়োজনীয় পরামর্শ ও মাঠ পর্যায়ের সহায়তা না পেয়ে কৃষকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বাড়ছে।
স্থানীয় কৃষকেরা জানান, মৌসুমি ফসল চাষ, রোগবালাই দমন, সার প্রয়োগসহ বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও বেশির ভাগ সময় কাউকে পাওয়া যায় না। অনেক সময় ফোনেও যোগাযোগ সম্ভব হয় না বলে অভিযোগ রয়েছে।
সাধারণ কৃষকদের দাবি, যাদের সঙ্গে কৃষি বিভাগের কিছু কর্মকর্তার ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে, তাঁদের ফোনে বা অন্য মাধ্যমে পরামর্শ দেওয়া হয়। কিন্তু সাধারণ কৃষকেরা সরাসরি দেখা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাচ্ছেন না। এতে করে অনেকেই ক্ষতির মুখে পড়ছেন বলে জানান তাঁরা।
কৃষকদের আরও অভিযোগ, কৃষি অফিসে গেলে বলা হয় সংশ্লিষ্ট কর্মকর্তা মাঠে আছেন। আবার মাঠে খোঁজ নিতে গিয়ে তাঁদের উপস্থিতি পাওয়া যায় না। এতে কৃষি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি স্থানীয়দের।
এদিকে উপজেলা কৃষি অফিসের সামগ্রিক কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সারের দাম নিয়মিত মনিটরিং করা হয় না। পাশাপাশি সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগও রয়েছে বলে জানান তাঁরা।
তবে এসব অভিযোগের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রাসেল মিয়া বলেন, বিশনন্দী ইউনিয়নের একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তার সন্তান অসুস্থ থাকায় তিনি মানসিকভাবে কিছুটা দুশ্চিন্তায় আছেন। এ কারণে হয়তো নিয়মিতভাবে তাঁকে পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।