মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে সব ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তা জোরদার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০২, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আড়াইহাজারে সব ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তা জোরদার

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের ভোটগ্রহণের আর মাত্র কয়েক দিন বাকি। সময় যত এগোচ্ছে, নির্বাচনী উত্তাপও তত বাড়ছে। এই পরিস্থিতিতে উপজেলার সব ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান জানান, এ আসনের মোট ১১৮টি ভোটকেন্দ্রের সবকটিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। এর মধ্যে ৪৪টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ এবং বাকি ৭৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। ঝুঁকিমুক্ত কোনো কেন্দ্র নেই।

তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে নিরাপত্তার প্রতিটি স্তরে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটগ্রহণ চলাকালে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রতি কেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রতি কেন্দ্রে দুইজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

এ ছাড়া এই আসনে নিরাপত্তা নিশ্চিতে ১৪টি পুলিশ মোবাইল টিম দায়িত্ব পালন করবে, যেখানে থাকবেন ৮৪ জন পুলিশ সদস্য। পাশাপাশি ১৫০ জন সেনাসদস্য, ৬০ জন বিজিবি সদস্য, ২০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য, ২০ জন র‍্যাব সদস্য এবং ২০ জন এপিবিএন সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন, যার মধ্যে দুজন থাকবেন অস্ত্রধারী। কালাপাহাড়িয়া ইউনিয়নে একটি পোস্টগার্ডও স্থাপন করা হবে।

ভোটার সংখ্যা অনুযায়ী, নারায়ণগঞ্জ-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৯ হাজার ৫৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৭৫ হাজার ৩৫২ জন, পুরুষ ভোটার ১ লাখ ৮৪ হাজার ২৪১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৫ জন।

এই আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই প্রার্থীরা ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও প্রচারণা জোরদার করছেন।

ইউএনও মো. আসাদুর রহমান আরও বলেন, আমরা চাই ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠু হোক। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য বিশেষ নজরদারি রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।