রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ষড়যন্ত্র ও গুজবে কান দেবেন না: গোলাম মসিহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩১, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ষড়যন্ত্র ও গুজবে কান দেবেন না: গোলাম মসিহ

হাতপাখা প্রতীকের প্রার্থী গোলাম মসিহ

নারায়ণগঞ্জ-৩ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী গোলাম মসিহ বলেন তাঁর জনপ্রিয়তায় ভীত হয়ে একটি মহল মাঠ পর্যায়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও থানার আয়োজিত 'মার্চ ফর শরিয়াহ ইন সোনারগাঁও' পূর্ববর্তী এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে গোলাম মসিহ বলেন, "একটি চক্র পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে যে আমি অন্য কোনো প্রতীকের সাথে আঁতাত করেছি বা সরে দাঁড়িয়েছি। আমি স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি কারো সাথে মিশে যাইনি; আমি হাতপাখা প্রতীক নিয়ে আপনাদের সেবায় শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে আছি।"

তিনি আরও বলেন, "জনগণ যখন স্বতঃস্ফূর্তভাবে হাতপাখার পক্ষে অবস্থান নিয়েছে, তখনই প্রতিপক্ষ এই ধরণের সস্তা অপপ্রচার চালিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি সোনারগাঁওয়ের সচেতন ভোটারদের প্রতি আহ্বান জানাই, আপনারা কোনো গুজবে কান দেবেন না। আমাদের ঐক্যবদ্ধ শক্তিই এই ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবে।"

আজকের আয়োজনে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, "সোনারগাঁওয়ের মাটি ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে হাতপাখা কখনোই পিছু হটবে না। আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে আপনারা এই অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেবেন ইনশাআল্লাহ।"

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সোনারগাও থানার সভাপতি নূরুল আমিন খান, সোনারগাঁও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহা ফারুক আহমেদ মুন্সী সহ স্থানীয় নেতৃবৃন্দ।