মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে যুবদল–শ্রমিক দলের উঠান বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৯, ৯ ফেব্রুয়ারি ২০২৬

রূপগঞ্জে যুবদল–শ্রমিক দলের উঠান বৈঠক

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা জোরালো হয়ে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। এরই ধারাবাহিকতায় রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভোলানাথপুর এলাকায় যুবদল ও শ্রমিক দলের উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রূপগঞ্জ থানা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম রনির উদ্যোগে এবং রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উঠান বৈঠকটি স্থানীয় পর্যায়ে দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতাকর্মীরা মনে করছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শামীম ভূঁইয়া। রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের ১ নম্বর সহ-সভাপতি সুজন আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াজুল হক মেম্বার।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মনির হোসেন ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আল আমিন মিয়া ও মনির হোসেন, যুবদল নেতা সালাউদ্দিন খান, ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মেহেদী হাসানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াজুল হক মেম্বার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেবল একটি নির্বাচন নয়, এটি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। জনগণকে সঙ্গে নিয়েই এই আন্দোলন সফল করতে হবে। তিনি বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার নিয়ে রাজনীতি করেছে এবং আগামীতেও মানুষের পাশে থেকে কাজ করে যাবে।

উঠান বৈঠকে বক্তারা তৃণমূল পর্যায়ে দলীয় সংগঠনকে আরও সুসংগঠিত করা, ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলা এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার মাধ্যমে দলীয় কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন নেতাকর্মীরা।