ফাইল ছবি
নারায়ণগঞ্জে আসন্ন এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলার সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২ জুলাই ২০২৬ থেকে শুরু হওয়া পরীক্ষাগুলো চলাকালে ৪ আগস্ট ২০২৬ পর্যন্ত জেলার সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। একই সঙ্গে পরীক্ষা কেন্দ্র, উপকেন্দ্র ও ভেন্যুর ২০০ গজের মধ্যে অবস্থিত ফটোকপি ও মোবাইল ফোনের দোকানও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস, অসদুপায় অবলম্বন এবং পরীক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের জন্য একটি স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং শিক্ষা বিভাগের কর্মকর্তারা যৌথভাবে তদারকি করবেন।
জেলা প্রশাসক রায়হান কবির (ডিসি) জানান, নির্দেশনা অমান্য করে কোনো কোচিং সেন্টার, ফটোকপি প্রতিষ্ঠান বা মোবাইল ফোনের দোকান খোলা রাখা হলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

