ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মাহমুদনগর এলাকায় অবস্থিত কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের মান্যবর রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
সোমবার (২৯ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার সফরে আসেন তিনি।
এসময় পরিদর্শনকালে প্রতিনিধি দলটি তিনটি পৃথক গাড়িযোগে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডে উপস্থিত হন। পরিদর্শনের সময় প্রতিনিধি দলটি বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পের অগ্রগতি, রপ্তানি সম্ভাবনা এবং পরিবেশবান্ধব শিল্প উন্নয়নের বিভিন্ন দিক ঘুরে দেখেন ও অবগত হন।
কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড কর্তৃপক্ষ প্রতিনিধি দলকে তাদের উৎপাদন প্রক্রিয়া, প্রযুক্তিগত সক্ষমতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে জাহাজ নির্মাণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করে।
প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও ডেলিগেশনের প্রধান মাইকেল মিলার, স্পেনের মান্যবর রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্টিয়াগা ওচোয়া দে চিনচেত্রু, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল, প্রোগ্রাম ব্যবস্থাপক (বেসরকারি খাত, চক্রাকার অর্থনীতি ও বাণিজ্য) হুবার্ট ব্লম এবং বাণিজ্য উপদেষ্টা আবু সাঈদ বেলাল।

