সোমবার, ২৯ জুন ২০২৬

|

আষাঢ় ১৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ডেঙ্গু প্রতিরোধে নাসিকের স্টিয়ারিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপনডেন্ট

প্রকাশিত: ১৮:১৯, ২৯ জুন ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে নাসিকের স্টিয়ারিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

স্টিয়ারিং কমিটির সভা

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক গঠিত স্টিয়ারিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নগরজুড়ে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ বিভিন্ন মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সোমবার (২৯ জুন) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

এসময় সভায় ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, জলাবদ্ধতা নিরসন, ওষুধ ছিটানোর কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নগরবাসীকে নিজ নিজ বাসা, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

সিটি করপোরেশনের কর্মকর্তারা বলেন, শুধুমাত্র সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ ক্ষেত্রে নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাসাবাড়ি, নির্মাণাধীন ভবন, ছাদবাগান এবং খোলা জায়গায় জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে মশার বিস্তার রোধ করা সম্ভব।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় সিটি কর্পোরেশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রম, ওষুধ প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির কর্মসূচি আরও জোরদার করা হবে।

এসময় সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন এবং ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা কামনা করেন সাখাওয়াত। 

সভায় সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিনিধিসহ স্টিয়ারিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।