সোমবার, ২৯ জুন ২০২৬

|

আষাঢ় ১৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দোয়া ও মিলাদে ফারুক মালের রাজনৈতিক অবদান স্মরণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৬, ২৯ জুন ২০২৬

দোয়া ও মিলাদে ফারুক মালের রাজনৈতিক অবদান স্মরণ

দোয়া ও মিলাদ মাহফিল

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক মো. ফারুক মালের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর দেড়টায় নগরীর গলাচিপা চেয়ারম্যান বাড়ির সামনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে ‘শামীমের বন্ধুমহল’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার মাহমুদ বকুল।

প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ বলেন, তিনি যখন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সেক্রেটারি, সভাপতি এবং পরবর্তীতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন, তখন ফারুক মাল যুবদলের একজন দায়িত্বশীল নেতা হিসেবে সক্রিয় ছিলেন। তার স্মৃতিচারণ করে তিনি বলেন, ফারুক মহানগর যুবদলের শ্রমবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন হরতাল-আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন। এমনকি একবার তাকে না পেয়ে পুলিশ তার বাড়িতে ভাঙচুর চালিয়েছিল। এসব কারণে দলের প্রতি তার অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, গলাচিপাবাসী তাকে পরপর চারবার কাউন্সিলর নির্বাচিত করেছেন। সিটি করপোরেশনের অধীনে অনুষ্ঠিত তিনটি নির্বাচনেই ফারুক মাল ব্যক্তিগতভাবে তার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এজন্য তিনি ফারুক, তার পরিবার এবং গলাচিপাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় ফারুক মালের তিলে তিলে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান সচল রাখতে সবার সহযোগিতা কামনা করেন খোরশেদ।

সভাপতির বক্তব্যে আনোয়ার মাহমুদ বকুল বলেন, ফারুক মাল দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন এবং পরিবারের সদস্যের মতো সবার সঙ্গে মিশে থাকতেন। গত বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সকলে উপস্থিত থাকায় তিনি সকলের প্রতি তার জন্য দোয়া চান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে মাদ্রাসার শিক্ষার্থী ও আলেমদের অংশগ্রহণে পবিত্র কোরআন খতম, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।