সোমবার, ২৯ জুন ২০২৬

|

আষাঢ় ১৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফারুক মালের রুহের মাগফিরাত কামনায় শামীমের বন্ধু মহলের দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০১, ২৯ জুন ২০২৬

ফারুক মালের রুহের মাগফিরাত কামনায় শামীমের বন্ধু মহলের দোয়া মাহফিল

দোয়া ও মিলাদ মাহফিল

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক মো. ফারুক মালের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর দেড়টায় নগরীর গলাচিপা চেয়ারম্যান বাড়ির সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও নাসিকের সাবেক ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার মাহমুদ বকুল।

প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ বলেন, ফারুক মাল দীর্ঘদিন যুবদলের দায়িত্বশীল নেতা হিসেবে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার কারণে তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। এমনকি একবার তাকে না পেয়ে পুলিশ তার বাড়িতে ভাঙচুরও চালিয়েছিল। দলের প্রতি তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, গলাচিপাবাসীর ভালোবাসায় তিনি চারবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ওই সময়ে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনে ফারুক মাল ব্যক্তিগতভাবে তার জন্য আন্তরিকভাবে কাজ করেছেন। এজন্য তিনি ফারুক, তার পরিবার ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ফারুক মালের তিলে তিলে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান সচল রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে আনোয়ার মাহমুদ বকুল বলেন, ফারুক মাল দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। গত বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

পরে মাদ্রাসার শিক্ষার্থী ও আলেমদের অংশগ্রহণে পবিত্র কোরআন খতম, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

শামীম, শাহীন, তপু, মোল্লা, ইমরান, লাল, বিপ্লব, সজল, হামিমসহ ফারুক মালের ঘনিষ্ঠ বন্ধুদের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।