ফাইল ছবি
নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় অনেক শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হিমশিম খেতে হয়েছে। এতে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও মানসিক চাপও দেখা দেয়।
বুধবার (২ জুলাই) সকালে পরীক্ষা শুরুর আগে শহরের চাষাঢ়া, দুই নম্বর রেলগেট, বঙ্গবন্ধু সড়ক, খানপুর, কালীরবাজার, মিশনপাড়া ও আশপাশের এলাকায় ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
এসময় দীর্ঘক্ষণ পরীক্ষার্থী বহনকারী রিকশা, অটোরিকশা ও ব্যক্তিগত যানবাহন দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে দেখা যায়। এর ফলে অনেক কেন্দ্রেই দেরীতে পরীক্ষার্থীদের উপস্থিত দেখা গেছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিবাবকেরা। শহরের মর্গ্যান স্কুল কেন্দ্রে অভিভাবক মনিকা মনি জানান, এসএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। একটি পরিবারের দীর্ঘদিনের প্রত্যাশা ও স্বপ্ন এই পরীক্ষার সঙ্গে জড়িয়ে থাকে। কিন্তু প্রতিবারের মতো এবারও যানজটের কারণে পরীক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অভিভাবকদের অভিযোগ, প্রতিবছরই পরীক্ষা মৌসুমে যানজট বড় সমস্যা হয়ে দেখা দিলেও দীর্ঘমেয়াদি কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ে না। ফলে শিক্ষার্থী ও তাদের পরিবারকে একই ধরনের দুর্ভোগ পোহাতে হয়।

