বুধবার, ০১ জুলাই ২০২৬

|

আষাঢ় ১৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এমপির হস্তক্ষেপে বাস চলাচল স্বাভাবিক 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪৯, ১ জুলাই ২০২৬

এমপির হস্তক্ষেপে বাস চলাচল স্বাভাবিক 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন বাস মালিক ও শ্রমিকেরা। 

বুধবার (১ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালামের নির্দেশে তার রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সুষ্ঠু বিচার নিশ্চিতের আশ্বাস দিলে বাস চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

এসময় ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠ বিচার করবেন বলে বাস মালিক ও শ্রমিকদের আশ্বস্ত করেন আবুল কাউসার আশা। পরে তার কথায় ধর্মঘট প্রত্যাহার করেন মালিক ও শ্রমিকেরা এবং বাস চলাচল স্বাভাবিক হয়।

এসময় আশা বলেন, যারা আপনাদের শ্রমিকদের মারধর করেছে তারা কী বাসে চড়বে? সাধারণ যাত্রীরা উঠবে বাসে। তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। আপনারা লিখিত অভিযোগ দিন। এর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যাবস্থা নেয়া হবে। আমি নিজের উদ্যোগে এখানে আসিনি, এমপি সাহেব আমাকে পাঠিয়েছেন। এটা তার নির্দেশ। এখানে কোন চাঁদাবাজি করা যাবে না।

তিনি বলেন, আপনারা জানেন কালাম সাহেবের বিরুদ্ধে নেগেটিভ নিউজ করলেও লেখে তিনি ক্লিনম্যান। তার মত লোক এমপি থাকতে কেউ চাঁদাবাজি ধান্ধাবাজি করবে এটা হবে না৷ এর আগে কখনও পরিবহন সংক্রান্ত কোন বিষয়ে আমি বা আমার পরিবারের কেউ এখানে আসেনি। আল্লাহ ডাল ভাত খাইয়ে আমাদের ভাল রেখেছেন। আমরা চাই আমাদের এলাকার মানুষ যেন ভাল থাকে।

তিনি আরও বলেন, পুলিশ আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে যেন আপনাদের কোন সমস্যা না হয়৷ আর যে লিখিত অভিযোগ আপনারা করেছেন এ বিষয়ে সর্বোচ্চ ব্যাবস্থা নেয়া হবে এই অঙ্গিকার করছি৷ যিনি অভিযুক্ত তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

যারা চাকুরি করে লেখাপড়া করে তারা কিন্তু আপনাদের ওপর নির্ভরশীল। আপনারা পরিবেশ স্বাভাবিক রাখলে সকলের পক্ষে স্বাভাবিক ভাবে চলাফেরা করা সম্ভব। সকলের পক্ষে তো নিজের গাড়ি দিয়ে চলা সম্ভব নয়। 

এর আগে সকালে প্রয়াত যুবদল নেতা ডেভিডের ভাই তপনের বিরুদ্ধে সিটি বন্ধন পরিবহনের একটি বাস আটকে রেখে ও শ্রমিকদের মারধর করে ৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ করেন বাস মালিক শ্রমিকেরা। এসময় সুষ্ঠু বিচার নিশ্চিত ও বাসটি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন তারা।