ফাইল ছবি
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর তৎপরতা বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে জামায়াতে ইসলামী তাদের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করে মাঠে প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। এতে করে জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও দলটি প্রচারণায় পিছিয়ে পড়তে পারে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা।
গত ১৯ জুন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সভায় অংশ নিয়ে দলটির আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বারকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এর আগে বিভিন্ন ওয়ার্ড পর্যায়েও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করে জামায়াতে ইসলামী।
তবে প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। দলটির নেতাকর্মীদের একটি অংশ মনে করছেন, প্রার্থী নির্ধারণে দীর্ঘসূত্রিতা দেখা দিলে নির্বাচনী প্রচারণা ও জনসংযোগে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে পড়তে হতে পারে।
তাদের দাবি, জাতীয় সংসদ নির্বাচনের সময়ও প্রার্থী ঘোষণায় বিলম্ব হওয়ায় মাঠ পর্যায়ে প্রচারণায় কিছুটা অসুবিধার মুখোমুখি হয়েছিল বিএনপি। একই পরিস্থিতি সিটি করপোরেশন নির্বাচনেও সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমাদের দল যখন সিদ্ধান্ত নেবে তখনই মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হবে। সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় আমরা উন্নয়নমূলক কাজ করছি, এটাই আমাদের পূর্ব প্রস্তুতি। আগামীতে আমিই মেয়র পদে নির্বাচন করব। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেই আমি আশা করছি।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক প্রস্তুতি ও মাঠপর্যায়ের কার্যক্রম গুরুত্ব পাচ্ছে। ফলে বিএনপি কবে নাগাদ তাদের প্রার্থী ঘোষণা করে আনুষ্ঠানিক প্রচারণায় নামবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক অঙ্গনের।

