বুধবার, ০১ জুলাই ২০২৬

|

আষাঢ় ১৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে অগ্নিকাণ্ড, কোটি টাকার মালামাল রক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১৫, ১ জুলাই ২০২৬

আপডেট: ১২:৪৮, ১ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে অগ্নিকাণ্ড, কোটি টাকার মালামাল রক্ষা

অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ শহরের দক্ষিণ সস্তাপুর এলাকার শিবু মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে জুটের গুদাম, স মিলের কাঠ, আসবাবপত্র ও একটি চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এসময় অগ্নিকাণ্ডের খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। সকাল ৭টা ৩৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুন নিয়ন্ত্রণে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের পাশাপাশি নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরাও অংশ নেন। মোট পাঁচটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করতে বেলা ১১টা পর্যন্ত কাজ চালানো হয়।

অগ্নিকাণ্ডে প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের একটি সেমিপাকা জুটের গুদাম এবং একটি চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গুদামে থাকা জুট, স মিলের কাঠ ও বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা ফায়ারসার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত উদ্ধার কার্যক্রমের মাধ্যমে প্রায় ১ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।