প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর তাজেক প্রধান উচ্চ বিদ্যালয় পুনরায় চালুর দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টা ১০ মিনিট থেকে ১টা পর্যন্ত বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
জানা গেছে, গত ২১ জুন বিদ্যালয়ের আয়া ময়না বেগমের স্বামী আবুল হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৩ জুন স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্ত আবুল হোসেনকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার পর অভিযুক্ত আবুল হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করে। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, অপরাধের বিচার অবশ্যই হতে হবে। তবে একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে পুরো বিদ্যালয় দীর্ঘদিন বন্ধ রাখা হলে শিক্ষার্থীদের ক্ষতি হবে। দ্রুত বিদ্যালয় খুলে দিয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর দাবি জানান তারা।
এদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি নেই এবং বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে দ্রুত বিদ্যালয়টি পুনরায় খুলে দেওয়া হবে এবং একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করা হবে।

