ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণের আলোচনায় নতুন করে গুরুত্ব পেয়েছে ফতুল্লা ও কাঁচপুর অঞ্চলকে সিটি করপোরেশনের আওতায় আনার বিষয়টি। দীর্ঘদিন ধরে এ দুটি গুরুত্বপূর্ণ এলাকাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার দাবি থাকলেও সাম্প্রতিক সময়ে প্রশাসনিক উদ্যোগের ফলে প্রক্রিয়াটি নতুন গতি পেয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফতুল্লা ও কাঁচপুরসহ কয়েকটি এলাকা সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত করার বিষয়ে প্রাথমিক প্রস্তাব ইতোমধ্যে গৃহীত হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে। গণবিজ্ঞপ্তি প্রকাশের পর সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা তাদের মতামত বা আপত্তি জানাতে পারবেন। এরপর আপত্তিগুলো নিষ্পত্তি করে চূড়ান্ত প্রস্তাব সরকারের কাছে পাঠানো হবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আমরা এখন গণবিজ্ঞপ্তি প্রকাশ করবো। বিজ্ঞপ্তি প্রকাশের পর যদি কারো আপত্তি থাকে সেটা তারা জানাবে। আমরা সিটিতে অন্তর্ভুক্ত করার যে প্রস্তাব দিয়েছি সেটা গৃহীত হয়েছে। এখন গণবিজ্ঞপ্তি প্রকাশের পর যে যে এরিয়া সংযুক্ত হবে সে সকল এরিয়ার জনগণের আপত্তি নিষ্পত্তি হলেই চূড়ান্ত প্রস্তাব পাঠানো হবে।
ফতুল্লা ও কাঁচপুর বর্তমানে জেলার সবচেয়ে ঘনবসতিপূর্ণ ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে অন্যতম। বিশেষ করে ফতুল্লা দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। অন্যদিকে কাঁচপুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ প্রবেশপথ হওয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহনের চলাচল ঘটে।
স্থানীয়দের মতে, এই এলাকাগুলো সিটি করপোরেশনের আওতায় এলে সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি, জনস্বাস্থ্য ও অন্যান্য নাগরিক সেবার মান উন্নত হবে। একই সঙ্গে পরিকল্পিত নগরায়ণের সুযোগও বাড়বে।
তবে সীমানা সম্প্রসারণের বিষয়টি নিয়ে কিছু বাসিন্দার মধ্যে কর বৃদ্ধি এবং প্রশাসনিক পরিবর্তন নিয়ে উদ্বেগও রয়েছে। এজন্য গণবিজ্ঞপ্তি প্রকাশের পর জনমত গ্রহণ ও আপত্তি নিষ্পত্তির বিষয়টিকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্টদের ধারণা, সব প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হলে ফতুল্লা ও কাঁচপুরকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার পথ আরও সুগম হবে। এর মাধ্যমে নারায়ণগঞ্জের নগরায়ণ ও সেবাব্যবস্থায় নতুন মাত্রা যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।

