বুধবার, ০১ জুলাই ২০২৬

|

আষাঢ় ১৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লা সিটি করপোরেশনে এলে বাড়বে নাগরিক সুবিধা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৫৩, ১ জুলাই ২০২৬

ফতুল্লা সিটি করপোরেশনে এলে বাড়বে নাগরিক সুবিধা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণের আলোচনার মধ্যে আবারও সামনে এসেছে ফতুল্লাকে সিটি করপোরেশনের আওতায় আনার বিষয়টি। দীর্ঘদিন ধরে এ দাবি থাকলেও এবার প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে যাওয়ায় বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ফতুল্লা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলে নাগরিক সেবার পরিধি বাড়বে, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং পরিকল্পিত নগরায়ণের সুযোগ তৈরি হবে।

বর্তমানে ফতুল্লা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। হাজার হাজার শিল্পকারখানা, বিপুল জনসংখ্যা এবং ক্রমবর্ধমান নগরায়ণের কারণে এলাকাটিতে আধুনিক নাগরিক সুবিধার চাহিদা দিন দিন বাড়ছে। তবে এখনও অনেক এলাকায় সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি ও জনস্বাস্থ্য সেবায় নানা সীমাবদ্ধতা রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

সংশ্লিষ্টদের মতে, সিটি করপোরেশনের আওতায় এলে ফতুল্লার বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে রাস্তা, ড্রেন, স্ট্রিটলাইট, পার্ক, খেলার মাঠ ও অন্যান্য নাগরিক অবকাঠামো নির্মাণের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রমও আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আমরা এখন গণবিজ্ঞপ্তি প্রকাশ করবো। বিজ্ঞপ্তি প্রকাশের পর যদি কারো আপত্তি থাকে সেটা তারা জানাবে। আমরা সিটিতে অন্তর্ভুক্ত করার যে প্রস্তাব দিয়েছি সেটা গৃহীত হয়েছে। এখন গণবিজ্ঞপ্তি প্রকাশের পর যে যে এরিয়া সংযুক্ত হবে সে সকল এরিয়ার জনগণের আপত্তি নিষ্পত্তি হলেই চূড়ান্ত প্রস্তাব পাঠানো হবে।

জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, সীমানা সম্প্রসারণের প্রক্রিয়ার অংশ হিসেবে শিগগিরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মতামত ও আপত্তি গ্রহণ করা হবে। সব প্রক্রিয়া শেষ হলে সরকারের কাছে চূড়ান্ত প্রস্তাব পাঠানো হবে।

ফতুল্লা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলে নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিশেষ করে শিল্পাঞ্চল হিসেবে ফতুল্লার গুরুত্ব বিবেচনায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সহজ হবে এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানে গতি আসবে।

তবে অনেকে কর বৃদ্ধি ও প্রশাসনিক জটিলতার আশঙ্কার কথাও তুলে ধরেছেন। এ কারণে গণবিজ্ঞপ্তির পর জনমত যাচাইয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবমিলিয়ে ফতুল্লাকে সিটি করপোরেশনের আওতায় আনার উদ্যোগ বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের নগর ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। বিশেষ করে দ্রুত বর্ধনশীল এই শিল্পাঞ্চলের জন্য পরিকল্পিত উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে বলেই আশা করা হচ্ছে।