মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

|

আষাঢ় ১৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে আ.লীগের দুই পরিবার, তারাই একে অপরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে : মুরাদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৮, ৩০ জুন ২০২৬

না.গঞ্জে আ.লীগের দুই পরিবার, তারাই একে অপরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে : মুরাদ

ইয়াসিন ফেরদৌস মুরাদ

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেছেন, নারায়ণগঞ্জে দুইটি পরিবার নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে আছে। তারাই এক পরিবার আরেক পরিবারকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে। তারা কথায় কথায় বলতো খেলা হবে। আজকে তো ওয়ার্ল্ড কাপ হচ্ছে, আপনি কোন খেলায় অংশগ্রহণ করতে চান। ফুটবল না ক্রিকেট। রাজনীতির ভাষায় বলে দাবা খেলা, যদি দাবা খেলতে চান তাহলে যাদের গুম করতে চেয়েছিলেন তাদের সাথে বলবো ওই দুই পরিবারের সদস্যকে, বসুন। তার সাথে খেলেন। আপনাদের সাথে আমাদের জাতীয় নেতারা খেলে না। 

মঙ্গলবার (৩০ জুন) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, যারা আস্ফালন দেখাচ্ছেন, কথায় কথায় আমাদের সরকারকে ফেলে দেয়ার কথা বলছেন তাদের বলতে চাই এই নারায়ণগঞ্জের মাটিতে যুবদল নেতৃত্ব দিয়েছে। যুবদলের নেতাকর্মীরা এখানে শহীদ হয়েছে। এই নারায়ণগঞ্জের মাটিতে দুই মিনিটের বক্তব্য দিয়ে আমাদের সরকারকে ফেলে দিবেন, যুবদল কী আঙ্গুল চুষবে? এটা মেনে নেয়া যায় না। 

তিনি আরও বলেন, আমরা গত সতেরো বছর নির্যাতিত হয়ে সংগ্রাম করেছি। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী মানবিক ভাবে দেশ পরিচালনা করছেন৷ আমরা দেখছি আমাদের নেতার ভদ্রতাকে একটি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বিভিন্ন ভাবে বিভ্রান্তি ছড়িয়ে রাজনীতিকে কলুষিত করতে চাচ্ছে। তার সাথে যুক্ত হয়েছে একটি গুপ্ত রাজনৈতিক সংগঠন। তারা রাজনীতির নামে দেশকে বটবাহিনীতে পরিনত করেছে। 

যুবদলের সফলতা ব্যর্থতায় আমাদের নাম আছে। আমরা পালিয়ে যাইনি, আমরা আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলিনি। এই নারায়ণগঞ্জ জেলার ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে আপনারা রাজনীতি করবেন। মনে দুঃখ কষ্ট থাকলে ক্ষোভ থাকলে আমরা বন্ধ ঘরে একসাথে কথা বলবো। 

নেতৃত্ব তারাই দিবে যারা পাঁচ আগষ্টের আগে শেখ হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। আমাদের নেতা তারেক রহমান সৌজন্যতা দেখাচ্ছেন এর মানে এই নয় যে তারেক রহমান দুর্বল। জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশের যুবকদের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক। আমাদের দলের জন্ম হয়েছে যখন দেশের আকাশে কালো মেঘ দেখা দিয়েছে, সংকট তৈরি হয়েছে।

আজ যে দুইটি শিল্প বাংলাদেশের অর্থনীতির ভিত্তি, একটি হল গার্মেন্টস শিল্প আরেকটি হল প্রবাসীদের রেমিটেন্স। এই দুইটির মূল কারিগর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, তিনি খান খনন করে দেশে বিপ্লব এনেছিলেন। তিনি পল্লী বিদ্যুৎ এর মাধ্যমে গ্রামেও বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলেন।

তিনি আরো বলেন, দেশপ্রেমের পরিচয় আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম লেখা থাকবে। আমরা দুইদিন আগে এক কুটনীতিবিদের কথা শুনেছি। শেখ হাসিনার পরিনতি বিদেশে মৃত্যুবরণ অথবা কারাবরণ। এটা আমার কথা নয় মার্কিন যুক্তরাষ্ট্রের এক কুটনীতিবিদের কথা।