খানপুর ৩শ শয্যা হাসপাতালের সামনে সমাবেশ
নারায়ণগঞ্জে হাসপাতালের সামনে উচ্চ শব্দে মাইক ও সাউন্ডবক্স ব্যবহার করে সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদল। এর ফলে হাসপাতালে চিকিৎসাধীন ও চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা যুবদলের সমাবেশের এই শব্দদূষণকে তীব্র ভৎসনা করেন।
মঙ্গলবার (৩০ জুন) খানপুর ৩শ শয্যা হাসপাতালের সামনে এই সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইয়াসিন ফেরদৌস মুরাদ।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক। এতে সঞ্চালনা করেন মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
সরেজমিনে ঘুরে জানা যায়, সকাল থেকেই হাসপাতাল এলাকায় উচ্চ শব্দে মাইকে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। এর ফলে হাসপাতালে ভর্তি রোগী ও চিকিৎসা নিতে আসা রোগীরা তীব্র ভোগান্তিতে পড়েন।
এদিকে সমাবেশ শুরু হলে নেতাকর্মীদের ভীড়ে পুরো এলাকায় যানজট সৃষ্টি হয়।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর সাথে থাকা ফয়জুল হক সহ একাধিক ব্যক্তি জানান, আমাদের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে চান যেভাবে হয়তো অনেক নেতাকর্মী পরিবর্তন চাননা। নয়তো হাসপাতালের সামনে এভাবে উচ্চ শব্দে কেউ সমাবেশ করে। খানপুর হাসপাতাল রোডের মোড়ে করতে পারতো। এখানে যদি যুবদলের শীর্ষ কোন নেতার পরিবারের কেউ ভর্তি থাকত তাহলে কি এই সমাবেশ হতে পারতো? আমরা নিশ্চিত তারেক রহমানও এ ধরনের কর্মকাণ্ড পছন্দ করবেন না।
চিকিৎসা নিতে আসা নারী শারমিন বলেন, হাসপাতালের সামনে এত শব্দ। এখানে তো হার্টের রোগী, শিশু রোগীরাও আছে। এটা কি একটা হাসপাতালের সামনে করা যায়?
খানপুর ৩০০ শয্যা হাসপাতালের পরিচালক ড. আবুল বাশার বলেন, আমাদের আসলে কী করার আছে, এই অনুমতি দেয় সিটি করপোরেশন। হাসপাতালের ভেতর শব্দ কম আসছে এতে রোগীদের খুব একটা সমস্যা থাকছে না। তবে হাসপাতালে আসা যাওয়া করছে যে রোগীরা এবং জরুরি বিভাগের সেবা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়ছেন।
তিনি আরও বলেন, আমরা এর আগেও কয়েকবার মৌখিকভাবে জানিয়েছি এখানে যেন কোন সমাবেশ না করা হয়। এবার আমরা লিখিত ভাবে চিঠি দিয়ে বিষয়টি জানাবে।

