পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন জেলা প্রশাসক
সারা দেশের মতো নারায়ণগঞ্জেও শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে তিনি কেন্দ্র ঘুরে দেখেন।
এসময় কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের কার্যক্রম এবং পরীক্ষা পরিচালনার সামগ্রিক বিষয় পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পরীক্ষা চলাকালে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, নকল প্রতিরোধ, শৃঙ্খলা বজায় রাখা এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা আশা করছি নারায়ণগঞ্জে এবারের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রের ভেতর ও বাইরে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ টিম নিয়মিত কেন্দ্র পরিদর্শন করছে।

