‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধন
নারায়ণগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পুলিশ সুপারের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধিসহ নজরুল বর্ষ উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনরা।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দর্শন ও মানবিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নজরুলের অসাম্প্রদায়িকতা, সাম্য ও মানবমুক্তির আদর্শকে ধারণ করে সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদারের আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে আগামী এক বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক, সাহিত্যিক ও শিক্ষামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে জাতীয় কবির জীবন, কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরা হবে।

