শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান
নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে চারটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে মোট ৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে চারটি হাইড্রোলিক হর্ন।
বৃহস্পতিবার (২ জুলাই) এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন উপস্থাপন করেন।
অভিযানকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী চারটি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট যানবাহনগুলোর কাছ থেকে মোট ৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন এবং ব্যবহৃত চারটি নিষিদ্ধ হর্ন জব্দ করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন জানান, শব্দদূষণ জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। নগর এলাকায় উচ্চ শব্দের হর্ন ব্যবহারের কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগী ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন। এ কারণে শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এসময় অভিযানে সদর থানা পুলিশের সদস্য এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

