সংবাদ সম্মেলন
জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার (২ জুলাই) বিকেলে জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার এ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, ইঞ্জিনিয়ার আবদুল বাকী, দেওয়ান খোরশেদ আলম, মাওলানা মুজিবুর রহমান মিয়াজী, মুফতি জাহাঙ্গীর আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে জেলা আমীর বলেন, জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণ এবং শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার পক্ষ থেকে আলোচনা সভা, সেমিনার, চিত্র প্রদর্শনী, শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভা, গণমিছিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৪ জুলাই ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ, ৫-২০ জুলাই থানা ও ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা, ১৩ জুলাই ‘জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার, ২৩-২৫ জুলাই চিত্র প্রদর্শনী, ২৯ জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভা, ১ আগস্ট উপজেলা ভিত্তিক গণমিছিল এবং ৫ আগস্ট ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ।
সংবাদ সম্মেলনের শেষে তিনি ঘোষিত কর্মসূচিগুলো সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।

