ফাইল ছবি
নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে পাঁচটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং শব্দদূষণকারী পাঁচটি হর্ণ জব্দ করা হয়েছে।
রোববার (৫ জুলাই) এই অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী পাঁচটি যানবাহনকে চিহ্নিত করা হয়। পরে এসব যানবাহনের মালিক ও চালকদের কাছ থেকে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ব্যবহৃত পাঁচটি অবৈধ ও উচ্চ শব্দের হর্ণ জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন পরিচালনা করেন, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে পরিবেশের ক্ষতি করে এমন দূষণকারী শিল্প-কারখানা ও প্রকল্পের বিরুদ্ধেও পরিবেশ অধিদপ্তরের তদারকি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে এ অভিযানে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

