ফাইল ছবি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ১৯ হাজার ৩২০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সোনারগাঁও উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ১১টি নির্ধারিত স্পটে শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মান্নান বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তাহলে দেশ সবুজায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচি শুধু একটি বৃক্ষরোপণ কার্যক্রম নয়, এটি নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ। শিক্ষার্থীদের গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যত্ন নেওয়ারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও জেলার বিভিন্ন স্থানে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

