সোমবার, ০৬ জুলাই ২০২৬

|

আষাঢ় ২০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

প্রধানমন্ত্রীর সাথে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাজীবের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২০, ৫ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর সাথে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাজীবের বৈঠক

ফাইল ছবি

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবসহ সদ্য দায়িত্বপ্রাপ্ত উন্নয়ন কর্তৃপক্ষগুলোর চেয়ারম্যানবৃন্দদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রোববার (৫ জুলাই) সচিবালয়ে প্রায় ঘণ্টাব্যাপী স্থায়ী এই বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

​বৈঠক সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার সামগ্রিক পরিস্থিতির ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি পুরো জেলার নাগরিক সমস্যা, চলমান সংকট এবং উন্নয়ন সম্ভাবনার খুঁটিনাটি সব বিষয়ে অবগত আছেন। নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি স্থানীয় উন্নয়ন কর্তৃপক্ষের ভূমিকার ওপর তিনি জোর দেন। 

বৈঠক সূত্রে জানা যায়, ​বৈঠকে উপস্থিত চেয়ারম্যানদের উদ্দেশে প্রধানমন্ত্রী একটি স্পষ্ট ও সুদৃঢ় বার্তা দেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, জনগণের সেবায় এবং মানুষের চাহিদা অনুযায়ী কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না। মানুষের জন্য মানুষের চাহিদা মতো কাজ করবে বিএনপি, এতে কোনো সন্দেহ নেই।"

​সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠকের পর নারায়ণগঞ্জসহ অন্যান্য নবনিযুক্ত উন্নয়ন কর্তৃপক্ষগুলোর কাজে আরও গতি ফিরবে। বিশেষ করে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মাসুকুল ইসলাম রাজীবের এই সাক্ষাৎ জেলার দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলো নিরসনে এবং জনবান্ধব মাস্টারপ্ল্যান বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে।