ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। তিনি বলেছেন, হামলায় তাঁর পরিবারের কেউ জড়িত থাকলেও কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সোমবার (৬ জুলাই) সকালে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আড়াইহাজার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান।
নজরুল ইসলাম আজাদ বলেন, চিকিৎসকেরা মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করেন। তাঁদের ওপর হামলার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, "ডাক্তারের ওপর হামলার ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। এমনকি আমার পরিবারের কেউ জড়িত থাকলেও তাকেও কোনো ছাড় দেওয়া হবে না।"
তিনি আরও বলেন, "আমি পুরো আড়াইহাজারের মানুষকে আমার পরিবারের সদস্য মনে করি। তাই যে-ই অন্যায় করুক, তার বিচার হবেই। আইন সবার জন্য সমান এবং অপরাধীকে অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে।"
আলোচনা সভায় সংসদ সদস্য বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আড়াইহাজারবাসীর প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞ। জনগণের দেওয়া দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করছেন এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোও ধাপে ধাপে বাস্তবায়নের কাজ চলছে। দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. জুয়েল আহমেদ, আড়াইহাজার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ (ডালিম)। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাজমুল ইসলাম।

