বুধবার, ১২ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

প্রিপেইড মিটার বন্ধে নারায়ণগঞ্জে গণমিছিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১৭, ১১ আগস্ট ২০২৬

প্রিপেইড মিটার বন্ধে নারায়ণগঞ্জে গণমিছিল

সমাবেশ ও গণমিছিল

প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপন বন্ধ, অতিরিক্ত বিল প্রত্যাহার এবং বিদ্যুৎ বিলের স্ল্যাব ব্যবস্থায় স্বচ্ছতা আনার দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও গণমিছিল করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম।

মঙ্গলবার (১১ আগস্ট) শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে গণমিছিল বের হয়ে কালীবাজার প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ বিলের বর্তমান কাঠামো ও প্রিপেইড মিটার ব্যবস্থার কারণে সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে। 

তাদের অভিযোগ, অনেক গ্রাহকের সঙ্গে আগাম আলোচনা বা সম্মতি ছাড়াই বাসাবাড়িতে থাকা পুরোনো মিটার খুলে প্রিপেইড মিটার বসানো হচ্ছে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। তিনি অভিযোগ করেন, বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার পাশাপাশি বিভিন্ন স্ল্যাবের কারণে গ্রাহকদের প্রকৃত ব্যয় অনেক বেশি বেড়েছে। তার দাবি, কোনো কোনো ক্ষেত্রে ১ হাজার টাকার বিদ্যুৎ বিল ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত পৌঁছে যাচ্ছে।

তিনি বলেন, প্রিপেইড মিটার স্থাপন বন্ধ না হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে। প্রয়োজনে মামলা, হামলা কিংবা কারাবরণের মতো পরিস্থিতি এলেও তারা দাবি থেকে সরে যাবেন না। দাবি আদায় না হলে নারায়ণগঞ্জ অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আন্দোলনের অংশ হিসেবে ১২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও গণকমিটি গঠন করা হবে। ২৫ আগস্ট নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গণঅনশন এবং ১ সেপ্টেম্বর ঢাকায় বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের পরিকল্পনাও রয়েছে। এসব কর্মসূচির পরও দাবি পূরণ না হলে হরতালের মতো কর্মসূচি দেওয়ার কথা জানান আয়োজকরা।

সমাবেশে নাগরিক অধিকার ফোরামের প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, প্রিপেইড মিটার ব্যবস্থায় গ্রাহকদের কাছ থেকে রিচার্জের সময় বিভিন্ন ধরনের সার্ভিস চার্জ ও ভ্যাট নেওয়া হচ্ছে। এতে বিদ্যুৎ ব্যবহারের প্রকৃত খরচের বাইরে গ্রাহকদের বাড়তি অর্থ গুনতে হচ্ছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন আমাদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন। ডিপিডিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আপাতত প্রিপেইড মিটার স্থাপন বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

মাহবুবুর রহমান মাসুম বলেন, প্রিপেইড মিটারের সুবিধা-অসুবিধা ও গ্রাহকদের ওপর এর আর্থিক প্রভাব পর্যালোচনা করে নারায়ণগঞ্জসহ সারাদেশে এ প্রকল্প প্রত্যাহারের বিষয়ে সরকারকে উদ্যোগ নিতে হবে।

কর্মসূচিতে নাগরিক অধিকার ফোরামের উপদেষ্টা হাজী রুহুল আমীন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ভবানী শঙ্কর রায়সহ বিভিন্ন নাগরিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে বক্তারা প্রিপেইড মিটার স্থাপন বন্ধ, অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার এবং গ্রাহকদের বিদ্যুৎ বিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।