প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের বন্দরে একটি তুলা সংরক্ষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে প্রায় আড়াই কোটি টাকার সম্পদ নষ্ট হলেও তাৎক্ষণিক অভিযানে প্রায় পাঁচ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার কিছু পর উত্তর লক্ষণখোলা এলাকায় টিনশেডের ওই গুদামে আগুন লাগে। স্থানীয়দের খবরে প্রথমে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট যোগ দিলে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, সকাল ৮টা ৭ মিনিটে খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। তিনটি ইউনিটের সমন্বিত অভিযানে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরে সম্পূর্ণভাবে নির্বাপণের কাজ শেষ করা হয়।
আগুনে গুদামের টিনশেড কাঠামো, তুলার বেল, বেল প্রেস মেশিন, বৈদ্যুতিক সংযোগ ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক মূল্যায়নে ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
তবে আগুন পাশের অংশে ছড়িয়ে পড়ার আগেই দমকলকর্মীরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রায় পাঁচ কোটি টাকার মালামাল নিরাপদে সরিয়ে নেওয়া বা রক্ষা করা সম্ভব হয়েছে।
আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনার কথা জানালেও ফায়ার সার্ভিস বলছে, তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

