ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর থানায় মাদক কারবার ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন সুফি ওরফে সুপি (৪৭) নামে এক নারী। তিনি বন্দর থানার মাহমুদনগর এলাকার কে এনসেন রোডের বাসিন্দা। সম্প্রতি তিনি থানায় উপস্থিত হয়ে মাদক কারবার থেকে সরে আসার অঙ্গীকারনামা দিয়েছেন বলে জানা গেছে।
অঙ্গীকারনামায় সুফি ওরফে সুপি উল্লেখ করেন, অতীতে ভুল বোঝাবুঝি ও খারাপ সঙ্গের কারণে তিনি মাদক কারবারের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। বর্তমানে নিজের ভুল বুঝতে পেরে তিনি এ পথ থেকে সরে এসে স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
অঙ্গীকারনামায় তিনি আরও উল্লেখ করেন, মাদকের ক্ষতিকর প্রভাব উপলব্ধি করে সম্পূর্ণ নিজের ইচ্ছায় থানায় উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেছেন। ভবিষ্যতে মাদক কেনাবেচা, সেবন কিংবা মাদকসংক্রান্ত কোনো কর্মকাণ্ডে জড়িত না থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।
এ ছাড়া সৎভাবে উপার্জন করে সংসার পরিচালনা, দেশের আইন মেনে চলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকার করেন সুফি। অঙ্গীকারনামায় তিনি তাঁর বিরুদ্ধে পূর্বে দুটি মাদক মামলা থাকার কথা উল্লেখ করে জানান, ওই মামলাগুলোতে তিনি আদালত থেকে জামিনে রয়েছেন।
অঙ্গীকারনামায় নারায়ণগঞ্জের পুলিশ সুপারের মাদকবিরোধী উদ্যোগের প্রতি সাড়া দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি নিজের ভুল সংশোধনের সুযোগ দিয়ে তাঁকে স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
উল্লেখ্য, অঙ্গীকারনামায় দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা যেতে পারে।

