ফাইল ছবি
নারায়ণগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন মামলার ৮৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ২৪ ঘণ্টার অভিযানে ৩৫ পিস ইয়াবা, ১০ কেজি ২১০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ডাকাত, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যও রয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে মাদক ব্যবসায়ী ৬ জন, মাদকসেবী ৪৬ জন, ওয়ারেন্টভুক্ত ১৪ জন, ডাকাত ৪ জন, চোর ১ জন, নিয়মিত মামলার আসামি ৫ জন, অন্যান্য ধারায় ৩ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানার অভিযানে ২১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী এবং আট মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। ফতুল্লা মডেল থানার অভিযানে ১৫ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন ও ১০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী, তিন মাদকসেবী, তিন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার তিন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে ১২ মাদকসেবী, এক ওয়ারেন্টভুক্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বন্দর থানায় অভিযান চালিয়ে তিন ডাকাত, তিন ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য ধারায় এক আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী, ২১ মাদকসেবী, এক ডাকাত, চার ওয়ারেন্টভুক্ত আসামি, অন্যান্য ধারায় দুই আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রূপগঞ্জ থানার অভিযানে এক চোর, তিন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার দুই আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। আড়াইহাজার থানার অভিযানে গ্রেপ্তার করা হয়েছে দুই মাদকসেবীকে।
জেলা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধ দমনে জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

