বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩০, ১৮ নভেম্বর ২০২৬

আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই এলাকার দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। 

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে পৌনে ৪টার মধ্যে উপজেলার উচিতপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামে এ ঘটনা ঘটে। মুখোশধারী ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বাড়ি দুটিতে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার, রুপা ও মুঠোফোন লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, প্রথমে ডাকাত দলটি ভৈরবদী প্রাথমিক বিদ্যালয়ের পাশে জামাল উদ্দিনের (৪৫) বাড়িতে হানা দেয়। টিনের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে। এ সময় কাঠের শোকেসে থাকা ৪৫ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের কানের দুল, পাঁচ ভরি রুপা ও দুটি মুঠোফোন লুট করে নিয়ে যায়।

পরে একই এলাকার আমানের (৪০) বাড়িতে হানা দেয় ডাকাত দলটি। সেখানেও টিনের ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আমানের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে স্টিলের আলমারিতে থাকা ৭০ হাজার টাকা, আনুমানিক চার ভরি রুপা ও একটি স্মার্টফোন নিয়ে যায়।

দুটি বাড়ি থেকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা, স্বর্ণালংকার, আনুমানিক ৯ ভরি রুপা ও তিনটি মুঠোফোন লুট হয়েছে বলে জানা গেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।