ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনে ও দুটি লেগুনা বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে চাষাঢ়া রেলস্টেশনে ঢাকাগামী ট্রেনে ও চাঁনমারী এলাকায় পার্কি করা লেগুনায় অগ্নিসংযোগ করা হয়।
চাষাঢ়া রেলস্টেশনের ভয়েস ম্যান ও নারায়ণগঞ্জ মহানগর রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের সভাপতি মজিবুর রহমান জানান, ভোর পৌনে ৬টায় ঢাকাগামী একটি ট্রেন চাষাঢ়া স্টেশনে যাত্রী উঠানোর সময় দুর্বৃত্তরা একটি বগিতে আগুন দেয়। এতে আগুন ও ধোয়ায় যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এসময় রেলওয়ে শ্রমিক দলের নেতৃবৃন্দর সহযোগীতায় স্টেশনের এলএম শহিদুল ইসলাম আগুন নিয়ন্ত্রনকারী পাউডার দিয়ে তাৎক্ষনিক আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছে। স্টেশনে সিসিটিভি ক্যামেরা না থাকায় দুর্বৃত্তদের সনাক্ত করা সম্ভব হয়।
অপরদিকে ভোর ৫টায় একটি মোটর সাইকেলে ৩জন যুবক এসে চাঁনমারী এলাকায় মাজারের কাছে পাকিং করা দুটি লেগুনায় অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। তখন স্থানীয় লোকজনদের ডেকে এনে পুলিশ আগুন নিয়ন্ত্রন করেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, দুর্বৃত্তদের সনাক্তের চেষ্টা চলছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

