বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে ইজতেমার অনুমতি, রাজি হওয়া শর্ত না মানলে হুশিয়ারি 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৬, ১৭ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে ইজতেমার অনুমতি, রাজি হওয়া শর্ত না মানলে হুশিয়ারি 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাদপন্থীদের উদ্যোগে প্রস্তাবিত জেলা ইজতেমা আয়োজনের অনুমতি দিয়েছে প্রশাসন। তবে তিনটি শর্ত মেনে আগামী ১৯, ২০ ও ২১ নভেম্বরের পরিবর্তে দুই দিন ইজতেমা আয়োজন করতে হবে। একই সঙ্গে মসজিদের ভেতরে ইজতেমার কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে এবং মসজিদের বাইরে কোনো ধরনের জমায়েত করা যাবে না। সেই সাথে কোন প্রকার উস্কানী মূলক বক্তব্য থাকতে পারবেনা বলেও শর্তে জানানো হয়।  প্রশাসনের দেওয়া এসব শর্তে সম্মতি জানিয়েছেন ইজতেমার বিরোধিতাকারী স্থানীয় তাবলীগের আলেম-ওলামারাও।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রূপগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান স্থানীয় আলেম-ওলামারা। এর আগে ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষকে নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনার পর তিনটি শর্তে ইজতেমা আয়োজনের অনুমতি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে গাউছিয়া মার্কাজের দাঈ মাওলানা আবুল কালাম বলেন, ইজতেমাবিরোধী সংবাদ সম্মেলন করার পর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক তাদের ডেকেছিলেন। সেখানে তাদের ও সাদপন্থীদের নিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থেকে সবার বক্তব্য শোনেন। পরে তিনটি শর্তে ইজতেমা আয়োজনের অনুমতি দেওয়া হয়। প্রশাসনের দেওয়া সিদ্ধান্তে তারাও সম্মতি জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা প্রশাসনের সিদ্ধান্ত মেনে নিয়েছি। তবে নির্ধারিত শর্তের বাইরে গিয়ে তারা যদি ভিন্ন কিছু করার চেষ্টা করেন, তাহলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ভার তাদেরই বহন করতে হবে।’

ভুলতার মাঝিপাড়া মাদরাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা বেলাল হোসেন মাদানী বলেন, তাবলীগের সাথীরা এই ইজতেমা আয়োজনে বাধা দিয়েছিলেন। রূপগঞ্জে ইজতেমা করতে দেওয়া হবে না, এমন সিদ্ধান্তই ছিল তাদের। তবে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর তিনটি শর্তে ইজতেমা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। প্রশাসনের সম্মানে তারাও এসব শর্ত মেনে নিয়েছেন।

তিনি জানান, শর্তগুলো হলো, তিন দিনের পরিবর্তে দুই দিন ইজতেমা আয়োজন করতে হবে, ইজতেমার কার্যক্রম মসজিদের ভেতরে সীমাবদ্ধ রাখতে হবে এবং মসজিদের বাইরে কোনো ধরনের জমায়েত করা যাবে না আর পাশাপাশি তাদের বক্তব্যে কোন প্রকার উস্কানী মূলক বক্তব্য থাকবে না। যা পরিবেশ নষ্ট করতে পারে। 

মাওলানা বেলাল হোসেন মাদানী আরও বলেন, ‘তারা যদি মসজিদের বাইরে জমায়েতের চেষ্টা করেন এবং এর ফলে রূপগঞ্জ কিংবা নারায়ণগঞ্জের কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে এর দায়ভার তাদের বহন করতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন মীরকুটির ছেও মাদ্রাসার মুহতামিম মাওলানা তৌহিদুল ইসলাম, ফাতেমা তুজ্জোহরা মহিলা মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা ইউসুফ ফরিদীসহ স্থানীয় আলেম-ওলামা ও মুসল্লিরা।

উল্লেখ্য, আগামী ১৯, ২০ ও ২১ নভেম্বর রূপগঞ্জের তারাব বিশ্বরোড এলাকায় সাদপন্থীদের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা ইজতেমা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। এর বিরোধিতা করে স্থানীয় আলেম-ওলামাদের একটি অংশ সংবাদ সম্মেলন করে আয়োজনটি বন্ধের দাবি জানিয়েছিলেন। পরে প্রশাসনের মধ্যস্থতায় শর্তসাপেক্ষে ইজতেমা আয়োজনের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।