নিষিদ্ধ মাদকদ্রব্য স্কাফ সিরাপ জব্দ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য স্কাফ সিরাপ জব্দ করেছে পুলিশ। এ সময় ফারুক হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
বুধবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সিরাপ জব্দ ও একজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ফারুক হোসেন উপজেলার মঠের ঘাট এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ ইএসকাফ সিরাপ সংগ্রহ করে রূপগঞ্জে এনে সিএনজির মাধ্যমে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলো বলে পুলিশের কাছে সংবাদ ছিল।
বুধবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় একদল মাদক ব্যবসায়ী নিষিদ্ধ মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ মজুদ করছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। পরে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে একটি সবুজ রঙের সিএনজির ভেতর থেকে ৩৭১ বোতল এবং একটি ট্রাকের পাথরের খোয়ার নিচে লুকিয়ে রাখা আরও ৭৩৬ বোতল ইএসকাফ সিরাপ উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১,১০৭ বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। এ সময়
ফারুক হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হলেও আরও ৫ থেকে ৬ জন অভিযুক্ত পালিয়ে যায়।
ওসি আরো জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

