শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪১, ২০ নভেম্বর ২০২৬

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ২

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়েছেন দুই শ্রমিক। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে ইসদাইর এলাকার রতন ডাইং কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধ দুই শ্রমিকের অবস্থা গুরুতর। তাঁদের শরীরের যথাক্রমে ৮৭ ও ৫২ শতাংশ পুড়ে গেছে। দুজনকেই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শ্রমিকরা হলেন পাশা (৪০) ও রঞ্জিত (৪৫)। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, দুজনেরই শ্বাসনালিতে ধোঁয়া প্রবেশজনিত আঘাত রয়েছে। তাঁদের নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাত দুইটার দিকে কারখানার ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। শব্দ পেয়ে আশপাশের লোকজন সেখানে গিয়ে ধোঁয়া দেখতে পান। পরে কারখানার ভেতর থেকে দগ্ধ দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, গ্যাসলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে আটক করেছে পুলিশ। ফতুল্লা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আবু রায়হান নূর এ তথ্য জানিয়েছেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, শুক্রবার জরুরি বিভাগে দগ্ধ অবস্থায় দুই শ্রমিককে আনা হয়। তাঁদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের ৫২ শতাংশ পুড়ে গেছে। দুজনেরই ইনহেলেশন ইনজুরি রয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা চলছে।

এদিকে ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল কারখানাটি পরিদর্শন করেছে। সংস্থাটির উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন জানান, ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।