ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরের বিবি রোডে ডিআইটি সংলগ্ন নিউ মা হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বাসি ও নষ্ট খাবার সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পরিচালিত এ অভিযানে হোটেলটির রান্নাঘরের ফ্রিজে আগের দিনের রান্না করা বিভিন্ন খাবার সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিনি জানান, অভিযানে ফ্রিজে বাসি চিকেন, চিকেন জাল ফ্রাই, কলিজা ভুনা, নষ্ট মাটন এবং সকালে পরিবেশনের জন্য রাখা সবজি পাওয়া যায়।
তিনি আরও বলেন, অভিযানকালে হোটেল কর্তৃপক্ষ আগের দিনের রান্না করা খাবার সংরক্ষণের বিষয়টি স্বীকার করে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে লিখিত অঙ্গীকার করে। দোষ স্বীকারের ভিত্তিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
এ সময় হোটেল কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন মেনে চলা এবং আগের দিনের রান্না করা খাবার নতুন করে পরিবেশন না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ও আনসার ব্যাটালিয়নের একটি দল উপস্থিত ছিলেন।

