ফাইল ছবি
অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ, জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা গ্রহণ এবং অগ্নিনিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি হটলাইন নম্বর ‘১০২’-এর প্রচারণা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ-এর স্টাফ রিপোর্টার আবু সাউদ মাসুদ এবং সাধারণ সম্পাদক ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টি। এ ছাড়া নারায়ণগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন।
আলোচনা সভায় ফায়ার সার্ভিসের জরুরি হটলাইন নম্বর ‘১০২’-এর প্রচার ও জনসাধারণের মধ্যে এর ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে করণীয়, আগুন লাগলে তাৎক্ষণিক করণীয়, অগ্নিনির্বাপণ সরঞ্জামের সঠিক ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদে বেরিয়ে আসার কৌশল নিয়ে আলোচনা করা হয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের মতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবিলায় আগাম সতর্কতা, সচেতনতা ও প্রাথমিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের সহায়তা নিতে হটলাইন নম্বর ‘১০২’ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।
সভায় বক্তারা বলেন, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে শুধু ফায়ার সার্ভিসের ওপর নির্ভরশীল হলে চলবে না; ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের প্রত্যেককে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের প্রচার ও জনসচেতনতামূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

