ফাইল ছবি
নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রীবেশে একটি লোকাল বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে যাত্রী ওঠানামার সময় ‘মামা-ভাগিনা’ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে চালক ও যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সায়েদাবাদ থেকে কুমিল্লার গৌরীপুর রুটে ‘পাহাড়িকা’ ব্যানারে চলাচল করে মামা-ভাগিনা পরিবহনের বাসটি। সকালে যাত্রী নিয়ে গৌরীপুর যাওয়ার পথে কাঁচপুর ব্রিজের পাশে যাত্রী ওঠানোর জন্য বাসটি থামানো হয়। এ সময় সাধারণ যাত্রীর ছদ্মবেশে এক দুর্বৃত্ত বাসে উঠে পেছনের অংশে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায় সে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।
পরে চালক ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিজেদের রক্ষা করেন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল রানা জানান, যাত্রীবেশে এক দুর্বৃত্ত বাসের পেছনের অংশে আগুন ধরিয়ে পালিয়ে যায়। চালক ও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে দুর্বৃত্তকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

