ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির একটি স্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা জানালা দিয়ে পেট্রোলভর্তি বোতল ছুড়ে আগুন ধরিয়ে দেয় বলে দলটির নেতাকর্মীদের অভিযোগ। এতে কার্যালয়ের দুটি চেয়ার ও জানালার পর্দা পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ২টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লালখাঁ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, ঘটনার সময় কার্যালয়ে কেউ ছিলেন না। নেতাকর্মীরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে রাতের পাহারায় ব্যস্ত থাকায় দুর্বৃত্তরা সেই সুযোগে কার্যালয়ের জানালা দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। সকালে কার্যালয়ে এসে পোড়া চেয়ার ও পর্দা দেখতে পান তাঁরা। পরে ভেতরে প্লাস্টিকের বোতলে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার আলামত পাওয়া যায় বলে জানান নেতারা।
ফতুল্লা থানা বিএনপির সহকোষাধ্যক্ষ তৈয়বুর রহমান বলেন, রাতে তাঁরা নেতাকর্মীদের নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পাহারার দায়িত্বে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কয়েকটি চেয়ার পুড়ে যায়।
কুতুবপুর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক জানান, জানালা দিয়ে কার্যালয়ের ভেতরে আগুন দেওয়া হয়েছিল। এতে দুটি চেয়ার ও পর্দা পুড়েছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, কার্যালয়ে আগুন দেওয়ার বিষয়টি তাঁরা শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

