ফাইল ছবি
আন্তর্জাতিক ইনকামিং কল বা সেবা রপ্তানির মাধ্যমে অর্জিত ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে না এনে বিদেশে পাচারের অভিযোগে সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, তাঁর স্ত্রী, পুত্রসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৮ নভেম্বর) দুদক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দণ্ডবিধি অনুযায়ী এ অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়। মামলার বাদী ছিলেন দুদকের তৎকালীন পরিচালক ও প্রধান কার্যালয়ের কর্মকর্তা জালাল উদ্দিন আহম্মদ।
তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক ইমরান খান অপু।
মামলার অভিযোগে বলা হয়, কে টেলিকমিউনিকেশন্স লিমিটেড নামের প্রতিষ্ঠানটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে আন্তর্জাতিক বৈদেশিক ইনকামিং কল আনা বা সেবা রপ্তানির জন্য আইজিডব্লিউ লাইসেন্স লাভ করে।
প্রতিষ্ঠানটির নিবন্ধিত কার্যালয় ছিল ৬২, ওয়াটার ওয়ার্কস রোড, গোদনাইল, নারায়ণগঞ্জ।
২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত ১৪ মাসে প্রতিষ্ঠানটি ৯১ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৮৬৫ মিনিট কল আনে বা সেবা রপ্তানি করে।
চুক্তি অনুযায়ী প্রতি মিনিটে ০.০৩০ মার্কিন ডলার হিসাবে মোট রপ্তানি মূল্যের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৭৮৬ মার্কিন ডলার।
নিয়ম অনুযায়ী, এই বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে প্রত্যাবাসিত হওয়ার কথা ছিল। তবে তদন্তে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব ও বিটিআরসির তথ্য অনুযায়ী, মাত্র ২২ লাখ ৬৯ হাজার ৪২৭.৫২ মার্কিন ডলার দেশে আনা হয়। বাকি ২ কোটি ৫১ লাখ ৮০ হাজার ৩৫৮.৪৮ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০০ টাকা) বাংলাদেশে না এনে বিদেশে আটকে রাখা বা পাচার করা হয়।
মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী, দেশের বাইরে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট যে অর্থ বা সম্পদ বাংলাদেশে আনার কথা ছিল, তা আনতে বিরত থাকাও একটি অপরাধ।
তদন্তে অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ায় যাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে, তারা হলেন, মিসেস সালমা ওসমান—চেয়ারম্যান, কে টেলিকমিউনিকেশন্স লিমিটেড (শামীম ওসমানের স্ত্রী)। তানভীর আহমেদ—ব্যবস্থাপনা পরিচালক, কে টেলিকমিউনিকেশন্স লিমিটেড (সালমা ওসমানের ভাই)। ইমতিনান ওসমান—পরিচালক ও শেয়ারহোল্ডার (শামীম ওসমানের পুত্র)। জয়নাল আবেদীন মোল্লা—পরিচালক ও শেয়ারহোল্ডার। জাহাঙ্গীর হোসেন মোল্লা—পরিচালক ও শেয়ারহোল্ডার। এ কে এম শামীম ওসমান—সাবেক সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪)।
তদন্তে উঠে এসেছে, ২০১৩ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠানটির আগের মালিকেরা তাদের সব শেয়ার অন্য কয়েকজনের নামে স্থানান্তর করেন। পরবর্তী সময়ে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, নতুন শেয়ারহোল্ডারদের নাম ও ঠিকানা সম্পূর্ণ ভুয়া ছিল। এর মাধ্যমে আগের মালিকেরা সুবিধা ভোগ করেন।
এ ছাড়া তদন্তে পরিলক্ষিত হয়েছে, ঘটনাকালে ক্ষমতাসীন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতা ও সংসদ সদস্য হিসেবে শামীম ওসমান নিজের প্রভাব খাটিয়ে তার স্ত্রী, শ্যালক ও পুত্রকে বৈদেশিক মুদ্রা পাচারের কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেছিলেন।
অভিযুক্তদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।

