বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়েতে খড়বোঝাই ট্রাকে আগুন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫২, ১৯ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়েতে খড়বোঝাই ট্রাকে আগুন 

ফাইল ছবি

‎নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় মদনপুর-গোলাকান্দাইল সড়কে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে গেলেও চালক ও হেলপার অক্ষত রয়েছেন। 

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে খড়বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬) ভোর সাড়ে ৩টার দিকে মিরেরটেক বাজার জামে মসজিদের সামনে এসে থামে। খড় নামানোর (আনলোড) অপেক্ষায় রাস্তার পাশে ট্রাকটি দাঁড় করিয়ে ভেতরেই ঘুমিয়ে পড়েন চালক ও হেলপার। 

ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী ট্রাকে আগুন জ্বলতে দেখে চালককে ডেকে তোলেন। 

তিনি জানান, কিছুক্ষণ আগেই একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে গেছে। 

​আগুন টের পেয়ে চালক ট্রাকটি রক্ষার জন্য প্রায় ১৫০ গজ সামনে নিয়ে যান এবং রাস্তার পাশের পানিতে জ্বলন্ত খড় ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে সকাল সাড়ে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে যায়। 

​এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জসিম উদ্দীন জানান, অগ্নিসংযোগের এ ঘটনায় চালক বা হেলপারের কোনো শারীরিক ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।