ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা পুলিশ ও র্যাবের যৌথ সাড়াশি অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০ পুরিয়া গাঁজাসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৭ জনকে মাদক ব্যবসায়ী হিসেবে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ফতুল্লা থানার উত্তর নরসিংপুর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার নজরুল ইসলামের ছেলে নুর নবী (২৪), চাঁদপুর জেলার হাইমচর এলাকার আব্দুর রহমানের ছেলে রাকিব (২৩), খাগড়াছড়ি জেলার পানছরী থানার মৃত হারেজ আলীর ছেলে শামীম (২৬), বক্তাবলি এলাকার শাহীন (১৯), মুক্তারকান্দি এলাকার আমানউল্লাহর ছেলে জাহাঙ্গীর (৩৯), পাবনা জেলার চাটমহর থানার আনোয়ারের ছেলে রিপন (২১), সুনামগঞ্জ জেলার ধীরাই থানার আজিজুর রহমানের ছেলে শরীফ (২২), মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মুসলিম শেখের ছেলে সুমন (৩৫), ভোলা জেলার চরফ্যাশন থানার লোকমানের ছেলে ইমরান (২৬), গোপালনগর এলাকার হাবিব মোল্লার ছেলে ফয়সাল (২৮), ভোলাইল এলাকার মৃত তোফাজ্জলের ছেলে খোরশেদ আলম (৪৭) ও চাঁদপুর জেলার মতলব উত্তর থানার আবুল কালামের ছেলে আরিফ (২২)।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ফতুল্লা থানা পুলিশের একটি দল এবং র্যাবের একটি আভিযানিক দল যৌথভাবে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ১২ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃত ৭ জনের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক বিক্রেতা, সেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

