ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের অভিযান
নারায়ণগঞ্জ সদর উপজেলার আল আমিন নগর ও সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন রং ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং মোড়কজাতকরণ বিধি লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আল আমিন নগর এলাকায় অবস্থিত ‘বউ জামাই সুইটস এন্ড চানাচুর’ নামের খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের চিত্র পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে মোড়কজাতকরণ বিধি লঙ্ঘনের পাশাপাশি অবাধে পোষা প্রাণীর বিচরণ, অপরিচ্ছন্ন পরিবেশে কর্মীদের খালি পায়ে খাদ্যপণ্য প্রস্তুত ও প্যাকেটজাত করতে দেখা যায়।
এছাড়া চানাচুরসহ খাদ্যপণ্য উৎপাদনে অনুমোদনহীন রং ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানে থাকা অনুমোদনহীন রং তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
প্রতিষ্ঠানটিকে আগামী সাত দিনের মধ্যে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (GMP) নীতি অনুসরণ করে খাদ্যপণ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে সৈয়দপুর এলাকায় ‘লাইফ এগ্রো ফুড’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোড়কজাতকরণ বিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় অভিযানে কৃষি বিপণন অধিদপ্তরের বাজার পরিদর্শক শরীফুল ইসলাম এবং নারায়ণগঞ্জ জেলা আনসার কমান্ড্যান্টের একটি দল উপস্থিত ছিল।

