ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় শীর্ষ সন্ত্রাসী, মাদক কারবারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার মামলার আসামি সেলিম ওরফে ‘কসাই সেলিম’কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ইমন হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ১৫টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফতুল্লার মাসদাইর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম (৩৫) মাসদাইর বাজার এলাকার নাসির কসাইয়ের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) গাজী শামীম, রফিকুল ইসলাম (বিপিএম) ও নন্দন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল মাসদাইর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সেলিম ওরফে কসাই সেলিমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, সেলিমের বিরুদ্ধে ইমন হত্যা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ১৫টির বেশি মামলা রয়েছে। তিনি সন্ত্রাসী জাহিদ বাহিনীর প্রধান জাহিদের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী বলেও জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শামীম বলেন, দীর্ঘদিন ধরে সেলিমকে খুঁজছিল পুলিশ। মঙ্গলবার দুপুরে মাসদাইর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি জাহিদ বাহিনীর সক্রিয় সদস্য। বাহিনী প্রধান জাহিদসহ অন্য অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

