ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাসের পাইপলাইনে ছিদ্র থেকে জমে থাকা গ্যাসে আগুন ধরে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার কাঁচপুরের সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
দগ্ধ ব্যক্তিরা হলেন শরিফ, তাঁর স্ত্রী রোজিনা, ছোট ভাই রিয়াজ ও রনি। দুর্ঘটনার পর তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস জমে ছিল। সেই গ্যাসে আগুনের সংস্পর্শে বিস্ফোরণ ঘটলে চারজন দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালেও নেওয়া হয়েছিল।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, কাঁচপুরের ঘটনায় দগ্ধ চারজনের প্রত্যেকের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক এবং নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

