ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বন্দর থানার বিভিন্ন এলাকায় দিনভর সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ৮ জনের মধ্যে প্রকাশ্যে অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ২ জন মাদকসেবী, বিজ্ঞ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ৩ জন পলাতক আসামি এবং বিভিন্ন নিয়মিত মামলায় এজাহারনামীয় ৩ জন আসামি রয়েছেন।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। বন্দর এলাকাকে অপরাধমুক্ত করতে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

