প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় আদমজী সড়কে মোজাফফর টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ বছর।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় মোজাফফর টাওয়ারের সামনে একটি ইজিবাইকের ধাক্কায় ওই যুবক গুরুতর আহত হন। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন জানান, ৯৯৯-এর মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ বর্তমানে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে।

